চট্টগ্রামে মাদক বিক্রেতার কারাদণ্ড
চট্টগ্রাম নগরীতে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক (৩০) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ঠিকাদারের অধীনে লিফটম্যান হিসেবে চাকরি করেন বলে পুলিশ জানায়।
তিনি সন্দ্বীপ উপজেলার যাদুয়া গ্রামের বাসিন্দা ও নগরীর চকবাজার ডিসি রোডের তূষার কলোনীতে ভাড়া বাসায় থাকেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাস্টারপুল বৌ বাজার এলাকা থেকে আট পিস ইয়াবাসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপার্দ করা হলে ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন তাকে ছয় মাসের দণ্ডাদেশ দেন।
