মাগুরায় মৎস্যভবনে বোমাবাজি, গাড়িতে আগুন
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে মাগুরা জেলা মৎস্য ভবনে বোমা ফাটিয়ে গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
রোববার রাত ১২টার দিকে শহরতলীর ভায়না এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান।
আগুনে জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দীর জিপ গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জেলা মৎস্য অফিসের অফিস সহকারী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে মৎস্য অফিসের মূল অফিস ভবন এলাকায় তারা পরপর ৭/৮টি হাতবোমা বিস্ফোরণের শব্দ পান। পরে দেখতে পান অফিস সংলগ্ন গ্যারেজে মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন জ্বলছে।
জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী ও ফার্ম ম্যানেজার জাহাঙ্গীর আলমও জানিয়েছেন, হাতবোমার শব্দ পেয়ে এসে তারা গ্যারেজের গাড়িতে আগুন দেখতে পান।
মাগুরা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ বলেন, “কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ বলতে পারবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে পরে লিখিত রিপোর্ট দেওয়া হবে।”
