নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।
এছাড়া এ ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পঞ্চবটি রূপসী হাউজিংয়ে এই ঘটনা ঘটে।
দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ সাতজন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত কয়েকজনের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলার ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) অফিসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে বিকট শব্দে গ্যাস রাইজার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন।
এ ঘটনায় ভবনটির অন্য ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে নামার সময় অন্তত ৩০ জন আহত হন।
দগ্ধরা হলেন, ওই অফিসের সহকারী ব্যবস্থাপক আব্দুল হালিম, অফিস সহকারী মিজান, সোহেল, মিজানুর রহমান, ওমর ফারুক, ইলেকট্রিক মিস্ত্রি আসলাম ও আরমান।
তাৎক্ষণিকভাবে আতহদের পরিচয় জানা যায়নি বলে জানান পরিদর্শক আব্দুর রাজ্জাক।
