ফেনীতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ফেনীর দাগনভূঞায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে আবুধাবি ফেরত স্বামীর বিরুদ্ধে।
রোববার দুপুরে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদা ইসলাম (২৪) রামনগর গ্রামের আবু সাঈদ প্রিপলের স্ত্রী ও ফাজিলের ঘাট এলাকার মাস্টার সালেহ আহম্মেদের মেয়ে।
সাজেদার বড় ভাই মোস্তাফিজুর রহমান আজাদ জানান, প্রায় পাঁচ বছর আগে আবুধাবি প্রবাসী আবু সাঈদ প্রিপলের সঙ্গে সাজেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বাড়তে থাকে। তাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
সম্প্রতি আবু সাঈদ প্রিপল আবুধাবি থেকে দেশে ফিরে আসলে কলহ তীব্র আকার ধারণ করে।
মোস্তাফিজুর অভিযোগ করেন, প্রিপল মাদক সেবন করায় প্রতি রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলত। এর জের ধরে প্রতিদিনই স্ত্রী সাজেদার উপর শারীরিক নির্যাতন চালাত প্রিপল।
রোববার দুপুরে কথা কাটাকাটির জের ধরে সাজেদার মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ির পাশে নোয়াখালী-তুলাতলী আঞ্চলিক সড়কের ওপর ফেলে প্রিপল পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা সাজেদাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোস্তাফিজুর।
দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, সাজেদার মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
তবে বাড়ির পাশে সড়ক থাকায় সাজেদা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখতে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
