২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পুযাত্রীর কাছ থেকে অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় চেকপোস্ট থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টেম্পুতে করে শহরে ঢুকছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার দুপুরে গ্রেপ্তার মো. জামাল (৪০) সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের বাসিন্দা। নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় তিনি বাস করেন।

আকবর শাহ থানার এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে জামালকে গ্রেপ্তার করা হয়।

“জামাল একটি টেম্পুতে নগরীতে আসছিলেন। এসময় পুলিশ টেম্পুটি থামালে তিনি নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে ধরে ফেলা হয়।”

জামালের ব্যাগ তল্লাশি করে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি এলজি, রেঞ্চ ও তিনটি টর্চ লাইট পাওয়া যায় বলে জানান পুলিশ কর্মকর্তা জাকির।

জামাল পুলিশকে জানিয়েছেন, তিনি সন্দ্বীপ থেকে নগরীতে আসছিলেন।

জামাল ডাকাত দলের সঙ্গে জড়িত থাকতে পারেন ধারণা করছে পুলিশ।

এসআই জাকির বলেন, “সে (জামাল) সন্দ্বীপ থেকে ডাকাতি করে নগরীতে আসছিল, না কি অন্য কোনো কারণে অস্ত্র আনছিল, তা খতিয়ে দেখা হবে।”