চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
বিএনপি নেতৃত্বধীন জোটের টানা অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, হাটহাজারি ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে হাটহাজারি উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪১) ছাড়াও বিএনপির পাঁচজন এবং জামায়াত-শিবিরের তিন কর্মী রয়েছেন।
হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে নাশকতার সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।
