২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

মাদারীপুর সদর উপজেলায় মধ্যরাতে একটি বাড়িতে ডাকাতির পর একজনকে ধরে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:04 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

নিহত লোকমান খাঁ (৩৫) ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানিয়েছেন।

তিনি বলেন, রোববার ভোররাত ৩টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে চলে যাওয়ায় সময় তাকে পিটুনি দেয় এলাকাবাসী।

এদিকে ডাকাতদের হামলায় সৌদি প্রবাসী আরবিজ মাতুব্বর (৩৩) ও তার মা আনোয়ারা বেগম (৬০) আহত হয়েছেন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরবিজ বলেন, তিন মাস আগে দেশে ফেরেন। কিছুদিনের মধ্যে আবার বিদেশে যাওয়ার কথা তার।

তিনি বলেন, জানালার গ্রিল কেটে ২০/২৫ জনের ডাকাত দল ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর বেঁধে ফেলে।

“পরে মা ও আমার সদ্য বিবাহিতা স্ত্রীকে বেঁধে আঘাত করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।”

এরপর দ্রুত বাড়ির পাশের মসজিদের মাইকে ডাকাতির কথা জানালে গ্রামবাসী বেরিয়ে ডাকাতদের পিছু নেয় বলে জানান তিনি।

“এক পর্যায়ে একজনকে ধরে পেটায় তারা। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত মারা যায়।”