২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ‘কালিমা’ মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান

পুলিশ বাহিনীকে স্বাধীনতাবিরোধী ‘কালিমা’ থেকে মুক্ত করতে সরকারের উদ্যোগ চাইলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেসুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 12:21 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

তিনি বলেছেন, লিশ বাহিনীতে এখনও ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ রয়ে গেছে; শুধু নিজস্ব উদ্যোগে এ থেকে মুক্তি সহজ নয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের মুক্ত আলোচনায় পুলিশে স্বাধীনতা বিরোধী থাকার বিষয়টি উঠে আসে।

এরপর সেমিনারেই এ বিষয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামও কথা বলেন।

সেমিনারে মোখলেসুর রহমান বলেন, “আমাদের ভেতরে স্বাধীনতাবিরোধী শক্তি আছে, থাকতে পারে। এই নিয়োগতো একদিনে হয়নি। আইনের মাধ্যমে হয়েছে। সেগুলোকে খুঁজে বের করে যথাযথস্থানে বসানো, এটা স্বাধীনতার চেতনা সমৃদ্ধ সরকার করে দিতে পারে। আমাদের নিজেদের মাধ্যমে এটা থেকে মুক্তি পাওয়া সহজ হবে না।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পুলিশের ভূমিকা সাধারণ মানুষের অবদানের চেয়ে বেশি উল্লেখ করে এই বাহিনীতে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন নিয়ে কথা বলেন এইচটি ইমাম।

তিনি বলেন, স্বাধীনতার পরপরই এসে আমরা কাউকে কাউকে চাকরি থেকে বরখাস্ত করি। এই তথ্যটা জানা আছে কি-না, ১৯৭৫’র পর জিয়াউর রহমান এসে তাদের চাকরিতে পুনর্বহাল করে। তখন শফিউল আজম মন্ত্রিপরিষদ সচিব। এ রকম পুনর্বহাল অনেক আছে। অনেক পাওয়া যাবে।”

স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধবিরোধীদের স্থান করে দিতে এম এ জি ওসমানীর সায় ছিল জানিয়ে এইচ টি ইমাম বলেন, “বাংলাদেশের ভেতরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিল।

“সেই সব লোকেরা ফিরে এলো আমাদের ওসমানি সাহেবের বদৌলতে এরা চাকরি-বাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর এদেরকে পুলিশ বাহিনীতে ঢোকানো হয়েছে। এরা পুলিশ বাহিনীতে কি করবে? চিন্তা করুণ তাহলে পুলিশের কি অবস্থা হতে পারে?”

‘খেতাব বঞ্চনায়ও ওসমানি’

এইচ টি ইমাম বলেন, এই খেতাবের কথা বললেন, মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বেশি বাধা দিয়েছেন কর্নেল ওসমানী। আমরাতো ওনার কাছে ছিলাম, ব্লাডি সিভিলিয়ান। আমরা অন্য যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি, যারা নেতৃত্ব দিয়েছে, সবাই ব্লাডি সিভিলিয়ান। কাজেই আমরা খেতাব পেতে পারি না।

“আমাদের মহিলাদের ভূমিকা। কত নারী সম্ভ্রব হারিয়েছেন। আমাদের অর্ধেকইতো নারী। এমনও ঘটেছে, রাজাকার স্বামী, পিস কমিটির চেয়ারম্যান। রাতের বেলা মুক্তিযোদ্ধারা এসেছেন। মা রান্না করে খাইয়েছেন। অস্ত্র লুকিয়ে রেখেছেন।”

“এদের ভূমিকা নিয়ে আলোচনা নাই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা কেমন করে পাব? নিজে কি করেছি, তা নয়। আমার আশেপাশে কে কি করেছে, সেগুলো তুলে ধরুন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের কথা স্মরণ করে তিনি বলেন, “দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আক্রমণ হল, এতজন প্রাণ দিল, তাদের মধ্যে কেউ কি পদক পেতে পারেন না? কেন পাবেন না। আমি মনে করি, এ বিষয়টি আমাদেরকে পুনর্বিবেচনা করা উচিত।”

‘মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস হয়নি’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “আমাদের দুর্ভাগ্য আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে সব বই লেখা হয়েছে, প্রথম থেকেই একটা প্রচেষ্টা হয়েছে, নিজের অবদান, নিজে কে কি করেছি, এটিই বিশেষ করে বলা হয়েছে। ফলে এতে রঙচঙ লেগেছে। সেটি আবার প্রচারিতও হয়েছে সেভাবে।”

“আমি অমুক যুদ্ধ করেছি, অমুক যুদ্ধ করেছি। কিন্তু নির্মোহভাবে একটি জায়গায় দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে সকলে কি করেছেন, সেটা এক সঙ্গে তুলে আনার চেষ্টা কেউ করেননি। আমি দাবি করবো, আমি সেই চেষ্টাটা কিছুটা করেছি।”

নিজের লেখা ‘বাংলাদেশ সরকার ১৯৭১’ এর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি সেখানে বাংলাদেশের জনযুদ্ধ একটা আলাদা চ্যাপ্টারই লিখেছি। এই যুদ্ধে সব শ্রেণি পেশা যেভাবে কাজ করেছেন, এটা আর কোথাও দেখা যায় না।”

“আরেকটা বিষয়, প্রতিটি জনযুদ্ধে একটি দেশদ্রোহী থাকে। বাংলাদেশে ১৯৭০’র নির্বাচনে বেশ একটা বড় অংশ ছয় দফার, বঙ্গবন্ধুর বিপক্ষে ভোট দিয়েছেন, তারা কারা? তাদেরকে আশেপাশে দেখতে পান?”

“তখনকার জামায়াতে ইসলাম, নিজামী ইসলামী, মুসলিম লীগ। এরাই রাজাকার আল-বদর, আল-শামস গঠন করেছে। বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এরাই গণহত্যা করেছে।”

এইচ টি ইমাম অভিযোগ করেন, “এই লোকগুলোই মুক্তিযুদ্ধের সময় ঘাপটি মেরে ছিল, মুক্তিযুদ্ধের পর ৭৫ এর ১৫ অগাস্টের পর এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে। তখন ভিখিরী ছিল। আমি দেখেছি, তখন এদেরকে ব্যাংক দিয়ে, ইন্সুরেন্স দিয়ে, লোন দিয়ে, টাকা নিয়ে যাও দিতে হবে না।”

“দেশের বড় বড় ধনী লোক এখন তারাই। তারাই ফুলে ফেঁপে উঠে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছে। ৭৫ থেকে ৯০ পর্যন্ত একটানা স্বাধীনতার বিপক্ষে প্রচার করেছে। মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বেছে বেছে হত্যা করেছে। এর পরিসংখ্যান পাওয়া যাবে না।”

“এরাই ২০১৩ সালে আক্রমণে এসেছে। এদের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল পুলিশ। যে পুলিশ মুক্তিযুদ্ধের সময় ভূমিকা পালন করেছে।”

‘বৈরী পরিবেশে পুলিশ’

শহীদুল হক বলেন, পুলিশকে অনেক বৈরী পরিবেশে কাজ করতে হবে। ঘরেও পুলিশ বৈরী। আমার সন্তানেরা আমাকে পায় না। কোথাও যেতে পারে না।

“ঘর থেকেই কিন্তু আমাদের বৈরিতা শুরু হয়। পুরো সমাজে বৈরিতা। এর মাঝেই একটু আশার লক্ষণ, আপনারা এই ধরনের একটি সেমিনারের আয়োজন করেছেন।”

অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, বাঙালিদেরকে অনেকে বলে ভীরুর জাতি। ব্রিটিশ ভারতে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয়, বাঙালিরাই সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। সেটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।

“১৯৬৫ সালের যুদ্ধে আমাদের বেঙ্গল রেজিমেন্টকে পশ্চিম রনাঙ্গণে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে তাদের আত্মত্যাগই ছিল বেশি। বাঙালি যোদ্ধার জাতি, বাঙালিকে গৌরবের সাথে স্মরণ করতে হবে।”

‘জার্নি’ নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে ৭১’র রাজারবাগ আক্রান্ত হওয়ায় খবর ওয়ারলেসে সারা দেশে ছড়িয়ে দেওয়া পুলিশ সদস্য শাহজাহান মিয়াকে প্রদান করা সম্মননা।

জার্নির প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।