২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন: মন্ত্রী

মুক্তিযুদ্ধে অবদানের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, রাজনৈতিক যুদ্ধ ছিল। রাজনৈতিক নেতৃত্বেই মুক্তিযুদ্ধে হয়েছে, কিন্তু পদ পদবি আর খেতাব বিতরণে আমরা যা করেছি, তাতে ভবিষ্যত প্রজন্মের এটা ভাবার সুযোগ আছে যে, এটা বোধহয় একটা সামরিক যুদ্ধ ছিল। পুলিশ বাহিনী হয়তো লেজুড় হিসাবে ছিল।”

“আমি এটা জানার চেষ্টা করেছি। তখন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি/খেতাব দেওয়া হবে, এই জন্য আবেদন করতে বলা হয়।”

“আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, সেটা আমরা বুঝতে পারিনি। তা ছাড়া নিজের অবদান নিজে বলতে হবে…।”

সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী হওয়ায় আবেদনের প্রেক্ষিতে তারা স্বীকৃতি পেয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমরা সিভিলিয়ানরা আবেদন দিতে পারতাম, হয়তো সেটাও হতো। পুলিশ বাহিনী খেতাবের ক্ষেত্রে একই রকম দুর্ভাগ্যজনক।”

তিনি বলেন, “সব কিছুরই সংশোধন আছে। বিশেষ করে যারা সেদিন রাষ্ট্রীয় প্রশাসন চালিয়েছেন, আমাদের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, এইচটি ইমাম সাহেব, উনাদেরও কিন্তু মূল্যায়ন হয়নি।”

“আমি তাই মনে করি, দীর্ঘদিন পরে হলেও সেগুলো আবার পুনর্বিবেচনা করা প্রয়োজন। যাতে বৈষম্য দূরীভূত হয়।”

‘জার্নি’ নামে এক বেসরকারি সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, পুলিশ প্রধান একেএম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রশাসন মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মাহবুবউদ্দিন আহমেদ, শহীদ পুলিশকন্যা ফারজানা শাহনাজ মজিদ প্রমুখ।

জার্নির প্রধান উপদেষ্টা ঢাবি বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।