নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নেত্রকোণার দুর্গাপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে।
নিহত আবুল কাশেম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- কাশেমের স্ত্রী মোছাম্মৎ বেগম ও মেয়ে আক্তারা বেগম। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার এসআই সাইদুর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার ইন্দ্রপুর এলাকায় শ্যামগঞ্জ-দূর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসআই সাইদুর বলেন, দুপুরের দিকে আবুল কাশেম মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে ইন্দ্রপুর এলাকায় বালু বোঝাই ওই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তার স্ত্রী ও মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
