অভিজিৎহত্যা: পুলিশের ভূমিকায় হতাশ জাগরণমঞ্চ
লেখক অভিজিৎ রায়ের খুনিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরে সামনে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ বলেন, “একদিন দুদিন করে পনের দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ সেই হত্যাকারীরা দিনক্ষণ ঠিক করে বিজ্ঞান অভিজিৎ রায়কে হত্যা করেছে, এটা হতাশজনক।”
পরে সন্ধ্যায় বিজ্ঞান লেখক অভিজিৎ রায় স্মরণে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে পুনরায় শাহবাগে গণঅবস্থান করেন তারা।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বই মেলা থেকে বেরিয়ে আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে হামলার শিকার হন অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
হামলাকারীদের চাপাতির আঘাতে মারা যান মুক্তমনা ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা লেখক-ব্লগার অভিজিৎ। মাথায় জখম হওয়ার পাশাপাশি চাপাতির আঘাতে একটি আঙুল হারিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বন্যা।
এদিন বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়ে কামারুজ্জামানসহ সকল যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ও শাস্তির দাবিতে স্লোগান দেয় মঞ্চের কর্মীরা। পাশাপাশি প্রতিবাদী গানও পরিবেশন করেন তারা।
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে গণঅবস্থান কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ।
সমাবেশে ইমরান এইচ সরকার জঙ্গিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, “মন্ত্রী আমলারা কথার ফুলঝুড়ি তুলে শুধু আলোচনা সভায় ও গোলটেবিলে। কিন্তু বাস্তবতা হলো মুখে জঙ্গি দমনের কথা বলে এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি সরকার। তারই ফলশ্রুতিতে লেখক হুমায়ুন আজাদের পর অভিজিৎ রায়কেও নিমর্মভাবে হত্যা করল জঙ্গিরা।”
