দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি দেবে পল্লীবিদ্যুৎ কর্মীরা
বেতন-ভাতা বৃদ্ধিসহ দশ দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবে পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন।
তিনি বলেন, “আগামী ১৬ তারিখ দেশের সবগুলো পল্লী বিদ্যুৎ সমিতি দপ্তরে একযোগে স্মারকলিপি দেওয়া হবে।”
তাদের দাবির মধ্যে রয়েছে- বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পল্লীবিদ্যুৎ সমিতির তিন থেকে আট নম্বর গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি, কর্মচারীদের ঝুঁকি ভাতা- ওভারটাইম প্রদান, লাইন টেকনিশিয়ান-মিটার টেস্টার-বিলিং সহকারীসহ বিভিন্ন শ্রেণির কর্মচারীদের পদোন্নতি ও পদোন্নতির ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা।
স্বল্পমূল্যে প্রান্তিক মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে ১৯৭৭ সালের অক্টোবরে এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বোর্ড গঠন করা হয় এবং প্রাথমিকভাবে ১৩টি পল্লীবিদ্যুৎ সমিতি গঠন করা হয়। বর্তমানে ৭২টি পল্লীবিদ্যুৎ সমিতি আছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
