রাসায়নিক বর্জ্য নদীতে, বিপুল মাছের মৃত্যু
পঞ্চগড়ে কারখানার বর্জ্য করতোয়া নদীতে ফেলায় বিপুল পরিমাণ মাছ মরে গেছে।
স্থানীয় ‘এশিয়া ডিস্টিলারিজ’ ও ‘পঞ্চগড় চিনিকল’ কোন কারখানা থেকে এ বর্জ্য এসেছে তা কোনো পক্ষ স্বীকার করেনি। তবে, জেলা প্রশাসন বলছে তা এশিয়া ডিস্টিলারিজের বর্জ্য।
ঘটনাস্থল পরিদর্শন করে বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদুল ইসলাম বলেন, পঞ্চগড় চিনিকল না এশিয়া ডিস্টিলারিজের রাসায়নিক বর্জ্যে নদীর পানি দূষিত হয়ে মাছ মরেছে সেটি তদন্তসাপেক্ষ বিষয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, বিষাক্ত বর্জ্যে নদীর স্বাভাবিক সময়ের স্বচ্ছ পানি কালো হয়ে গেছে। ধীরে ধীরে সেই কালো পানি ভাটিতে গড়িয়ে যাচ্ছে।
এর মধ্যেই নদীর দুই ধারে মৎসজীবী ও স্থানয় নারী-শিশুসহ নানা বয়সী মানুষ উৎসবের আমেজে নানা উপকরণ নিয়ে নদীতে মাছ ধরছে।
শুক্রবার দুপুরের দিকে দূষিত পানি নীচের দিকে চলে যাওয়ায় অবস্থা স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয় ও মৎস্যজীবীদের দাবি, বৃহস্পতিবার রাতে স্পিরিট তৈরির কারখানা এশিয়া ডিস্টিলারিজের রাসায়নিক মিশ্রিত বর্জ্য ছাড়া হয়। এই বর্জ্য ড্রেনের মাধ্যমে চলে আসে করতোয়া নদীতে।
এতে পঞ্চগড় সদর ও বোদা উপজেলার নলকুড়া মণি, ফুলতলা মণি, বন্দর মণি ও টেকেরা মণিসহ নদীর আশেপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকার পানি দূষিত হয়ে কালো রং ধারণ করে।
বিষাক্ত পানিতে টিকতে না পেরে নদীর বিপুল পরিমাণ মাছ মরে গেছে এবং অনেকগুলো চলার শক্তি হারিয়ে পানির ওপরে ভেসে ওঠে।
এ ব্যাপারে এশিয়া ডিস্টিলারিজের উৎপাদন ব্যবস্থাপক শামসুল হুদার দাবি, সপ্তাহ খানেক ধরে কারখানায় উৎপাদন বন্ধ আছে। এ সময়ের মধ্যে কোনো বর্জ্য নদীতে ফেলা হয়নি।
এছাড়া তাদের বর্জ্য শোধনাগার না থাকলেও তারা চুন দিয়ে বর্জ্য শোধন করেন, যা বুয়েট অনুমোদিত পদ্ধতি বলে জানান তিনি।
তাদের প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র রয়েছে বলেও দাবি করেন শামসুল হুদা।
এদিকে পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এম এ আব্দুর রশীদের দাবি, অনেক আগে থেকে তাদের উৎপাদন বন্ধ রয়েছে।
এছাড়া তাদের বর্জ্য শোধনাগার আছে বলেও তিনি জানান।
এই চিনিকলের বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলা হয় বলে এতে কোনো রাসায়নিক পদার্থ থাকার সুযোগ নেই বলে দাবি তার।
বোদা উপজেলার কালিয়াগঞ্জ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধ থাক বা না থাক এশিয়া ডিস্টিলারিজ কারখানা পরিষ্কার করার পর রাতে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলেছে তারা।
এতে চারটি অভয়াশ্রমের প্রায় ৫শ মণ মাছ মরে গেছে, যার বাজার মূল্য কোটি টাকার উপর বলে দাবি করেন তিনি।
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, এশিয়া ডিস্টিলারিজের বিষাক্ত বর্জ্যে মাছ ধ্বংস হয়েছে।
দুতিন বছর আগেও এমন ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়াল বলেন, নদীর পানি প্রায় স্বাভাবিক হয়ে গেছে। মাছ যাতে আর কেউ ধরতে না পারে এজন্য বাঁশ ও ছোট ছোট গাছ কিনে নদীতে ফেলার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক উসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এশিয়া ডিস্টিলারিজের পরিবেশগত ছাড়পত্র নেই।
বৃহস্পতিবার একজন পরিদর্শক পঞ্চগড়ের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন। তার প্রতিবেদন পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এশিয়া ডিস্টিলারিজ’ ও ‘পঞ্চগড় চিনিকল’ কোনো কারখানারই বর্জ্য শোধনাগার নেই।
এ ঘটনার পর পঞ্চগড়ের সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদীকে পাঠিয়ে খবর নেওয়া হয়েছে।
তিনি বলেন, চিনিকলের বর্জ্যই নদীতে ফেলা হয়েছে বলে ইলিয়াস মেহেদী রিপোর্ট করেছেন।
