২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বাংলা সাহিত্য সম্মেলন শুরু

‘বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাহিত্যের আর্ন্তজাতিক সম্মেলন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

শুক্রবার সকালে রাবির সিনেট ভবনে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

‘বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন’ শীর্ষক এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি।

বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি-সাহিত্যিক, ভাষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে এ সম্মেলনের ১৩টি অধিবেশনে ৫০টি প্রবন্ধ উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলন কমিটির সদস্য সচিব অধ্যাপক পি এম সফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন বাংলা গবেষণা সংসদের সহ-সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী।

স্বাগত বক্তব্যে অধ্যাপক সামাদী বলেন, “নানা সম্প্রদায় ও গোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা বাংলা সাহিত্যে নবপ্রবণতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশ ছাড়াও ভারতের কয়েকটি রাজ্যে যেমন রয়েছে তেমনি ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে।

বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা ও নানামুখী সংযোগের কারণে বাংলা সাহিত্যের জগতে যুক্ত হয়েছে বহুমাত্রিকতা। বাংলা ভাষায় রচিত এইসব বিষয় ও প্রকরণকে একরৈখিকভাবে সনাক্ত করা কষ্টকর।

এ সম্মেলন সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষী মানুষের রচিত যাবতীয় এই সৃষ্টিসম্ভারকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং একই সঙ্গে বাংলা জনপদের অন্যান্য ভাষার সমসাময়িক সাহিত্যের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক সামাদী।

সম্মেলন উদ্বোধনের আগে শহীদুল্লাহ কলা ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।