রাঙামাটি মেডিকেলে ক্লাস শুরুর দাবি শিক্ষার্থীদের
রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান কলেজটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা।
গত ১০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ১০টি কলেজের সঙ্গে এই কলেজটি উদ্বোধন করেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো মেডিকেল কলেজটিতে ৫১ জন শিক্ষার্থী ভর্তি হয়।
উদ্বোধনের পর আঞ্চলিক রাজনীতিতে কলেজ প্রতিষ্ঠার পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে গেলে পার্বত্য চট্টগ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটিতে কারফিউ জারি করে প্রশাসন।
লিখিত বক্তব্যে কলেজের শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্ত্তী বলেন, উদ্বোধনের পর অন্য ১০টি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হলেও রাঙামাটিতে মেডিকেল কলেজে ক্লাস শুরু করা হয়নি।
“কলেজের ক্লাস শুরু নিয়ে সেখানকার আঞ্চলিক রাজনৈতিক একটি দলের প্রতিনিধিদের সাথে প্রশাসনের বিভিন্ন সময় বৈঠক হয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের ভবিষ্যত আজ সংকটময় মুহুর্তের সম্মুখীন।”
স্নেহাশীষ বলেন, অন্য কলেজগুলোতে এর মধ্যেই ছয় থেকে সাতটি করে আইটেম ও কার্ড পরীক্ষা শেষ হয়েছে। যার কারণে এই কলেজটির শিক্ষার্থীরা দুই মাস পিছিয়ে পড়েছে বলেও দাবি তার।
“এ অবস্থায় আর ১০ থেকে ১৫ দিন বিলম্বিত হলে আমরা সেশনজটের সম্মুখীন হব এবং অন্যদের তুলনায় দেড় বছর পিছিয়ে পড়ব। ফলে প্রথম প্রফেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাব না।”
লিখিত বক্তব্যে কলেজের ৫১ শিক্ষার্থীকে অস্থায়ীভাবে হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ বা শহরে ক্লাস শুরু অথবা এলাকাভিত্তিক অন্য কোন মেডিকেল কলেজে স্থায়ীভাবে স্থানান্তর করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা মানববন্ধন করে, যাত শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন।
