২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আগুনে বৃদ্ধার মৃত্যু, ১৪টি ঘর ভস্মীভূত

নীলফামারী সদরে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের মালামালসহ ১৪টি বসতঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

নীলফামারী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড হয়।

খবর পেয়ে নীলফামারী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ওমেনা বেওয়া (৭২) চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হামিদের স্ত্রী।

স্থানীয়দের উদ্ধৃত করে এনামুল হক জানান, নিহত ওমেনা বেওয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরে ঘুমিয়ে থাকা অসুস্থ ওমেনা বেওয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আগুনে ওই গ্রামের পাঁচ পরিবারের টিন ও খড়ের ১৪টি ঘরসহ আসবাবপত্র, ধান চাল, আলু, পিঁয়াজ ও ঘরে থাকা অনেকের টাকা পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া তিনটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। 

এই অগ্নিনির্বাপক কর্মকর্তা আরও জানান, ওমেনা বেওয়ার ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।

এদিকে আগুনের খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে দুটি করে শাড়ি এবং ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেন।

এছাড়া দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা।