পাবনায় দুদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
পাবনা শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের রামচন্দ্রপুরে স্থানীয় মকবুল হোসেন ও সুবহান খা পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর জের ধরে বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সেলিম হোসেন ও বকুল রহমানকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
