ট্রাকচাপা দিয়ে পালানোর সময় আরেকজনকে চাপা, নিহত ২
নওগাঁ সদর উপজেলায় একজনকে ট্রাকচাপা দিয়ে পালানোর সময় থামাতে যাওয়ায় আরেকজনকে চাপা দিয়েছে একই ট্রাক।
বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহতরা হলেন নওগাঁ সদরের ইকরতারা গ্রামের ইউনুস আলীর ছেলে রিকশাচালক ফিরোজ হোসেন (৪০) ও একই উপজেলার হাঁপানিয়া এলাকার তাছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২০)।
সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সকালে ফিরোজ হোসেন বাড়ি থেকে রিকশা নিয়ে নওগাঁ শহরে আসছিলেন। পথে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।
ওসি বলেন, দুর্ঘটনার পর অন্য একটি ট্রাক নিয়ে ওই ট্রাকটি আটক করার জন্য ধাওয়া করেন আবু বক্কর সিদ্দিক।
আখেড়া মোড়ে গিয়ে আবু বক্কর ট্রাক থেকে নেমে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই ট্রাকটি থামানোর চেষ্টা করলে তাকেও চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবু বক্করের মৃত্যু হয়।
