২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

বৃহস্পতিবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত লিপি বেগম (২৫) ওই গ্রামের মো. রিপন বেপারীর স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রিপন।

লিপির মা রিনা বেগম জানান, ১২ বছর আগে রিপনের সঙ্গে বিয়ে হয় লিপির। রিপন নেশা করত। অন্য মেয়ের সঙ্গে তার সম্পর্কও ছিল।

এইসব বিষয়ে বাধা দেওয়ায় লিপির উপর নির্যাতন চালিয়ে আসছিল রিপন। কয়েকবার এই ব্যাপারে নির্যাতন করলে রিপনের বাড়িতে সালিশও হয়।

লিপির বড় ভাই শেখ রফিক বলেন, রিপন ঢাকায় কাজ করত। ঢাকা থেকে বাড়ি এসেই লিপিকে মারধর করত।

ওর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের দাগ রয়েছে বলেও তিনি জানান।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় লিপির লাশ পাওয়া যায়। লিপির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা, বলেন তিনি।