পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতার শাস্তির দাবি
খাগড়াছড়ির দীঘিনালায় এক পাহাড়ি ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু করে লারমা স্কায়ার বাস টার্মিনাল হয়ে পুররায় উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। এতে প্রায় হাজারখানেক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষক শাক্যমনি চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে প্রতিনিয়ত নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটলেও সরকার-প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন।
তারা অবিলম্বে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা শাহরিয়ার সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তি ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।
গত সোমবার রাতে রাতে বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির পাহাড়ি ছাত্রীকে শাহরিয়া সোহেল ও তার সহযোগীরা ধর্ষণ করে।
এ ঘটনার পর কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
