২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জান্নাতির জামিন

হাই কোর্টের চার বেঞ্চ ঘুরে অবশেষে জামিন পেয়েছেন জান্নাতি হোসেন, যাকে সড়ক দুর্ঘটনায় সহযাত্রী ব্যবসায়িক অংশীদারের মৃত্যুর পর পুলিশ গ্রেপ্তার করেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 04:42 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

এ সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ বৃহস্পতিবার তাকে স্থায়ী জামিন দেয়।

আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার।

নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাই কোর্টে আসেন জান্নাতির আইনজীবীরা। হাই কোর্টের দুই বেঞ্চ ওই আবেদনের শুনানি করে তাদের ফিরিয়ে দেয়।

পরে এক বেঞ্চ শুনানি করে রুল দিলেও রুল শুনানির সময় ওই বেঞ্চের এক বিচারক বিব্রতবোধ করেন। এরপর এই বেঞ্চে আসেন জান্নাতির আইনজীবীরা।

২০১৪ সালের ১১ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত হন এর আরোহী কে এম মোস্তামসির আশরাফ শুভ্র।

গাড়িটি তখন চালাচ্ছিলেন তারই বন্ধু ও ব্যবসায়িক অংশীদার অটোমোবাইল ম্যাগাজিন ‘টর্ক’ এর সম্পাদক জান্নাতি হোসেন।

তেজগাঁও থানার এসআই সর্দার নিজামুল হক পরদিন জান্নাতির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন।

দশ দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

আদালতের আদেশে দুই মামলা একীভূত করে একটি মামলা হিসাবে তদন্ত শুরু হয়। এর দায়িত্বে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস।