২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ শহরে এক শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেহাইচর মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (১৮) শহরের রেহাইচর হঠাৎপাড়া মহল্লার রমজান আলীর ছেলে। তিনি শহরের সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন।

কিছুদিন থেকে শিবিরে নিষ্ক্রিয় হয়ে পড়ায় তার সহযোগীরাই তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

নিহতের ভাই মো. শামিম বলেন, আরিফ আগে শিবিরের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ তাকে তিনবার গ্রেপ্তার করে।

“সর্বশেষ ২০ দিন আগে ডিবি পুলিশ তাকে আটক করে এবং পরে ছেড়ে দেয়। প্রায় এক বছর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল আরিফ,” বলেন শামিম।

আরিফ সংগঠনের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর কমিটির সম্পাদক তোহরুল ইসলাম সোহেল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মোর্ত্তুজা আরও জানান, বৃহস্পতিবার সকালে আরিফকে মোবাইল ফোনে একজন ডেকে নিলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন।

সকাল সাড়ে ৯টার দিকে সিটি কলেজের কাছে রেহাইচর মহল্লার ফুলকুঁড়ি স্কুলের পেছনে ১০/১২ জনের একটি দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মোর্ত্তুজা আরও বলেন, “আরিফ শিবিরকর্মী ছিল। এর আগে পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তারও করেছিল।”

সম্প্রতি শিবিরে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তার সহযোগীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।