২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের আগুনে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা

অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমা ও অগ্নিসংযোগে দগ্ধদের পাশাপাশি পুড়ে যাওয়া গাড়ির মালিকদের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 02:57 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

এ নিয়ে তৃতীয় দিনের মতো অবরোধে নাশকতায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেট্রোল বোমা হামলায় নিহতদের স্বজন এবং আহতদের প্রত্যেককে ১০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র দেন শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত ২৭০টি যানবাহনের  ১৯৯ জন মালিকের হাতে তুলে দেন অনুদানের চেক।

এদিন মোট পাঁচ কোটি ৪২ লাখ আট হাজার টাকার সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত যানবাহনের ১৯৯ জন মালিককে দেওয়া হয় এক কোটি ৫৭ লাখ আট হাজার টাকার চেক।

প্রথমেই অগ্নিদগ্ধ হয়ে নিহত চার জনের স্বজনদের হাতে ১০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। দগ্ধ হয়ে নিহত সোহাগের দৃষ্টিহীন বিধবা মা সেলিনা বেগমকে সঞ্চয়পত্র দেওয়ার পরেও তাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

পেট্রোল বোমায় নিহত পুলিশ কনস্টেবল শামীম মিয়ার বাবা লাল মিয়া আকন্দকে ১০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র দেওয়ার পাশাপাশি তার স্ত্রী মোসাম্মৎ বিলকিস বেগমকেও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়।

এছাড়া নিহতদের স্বজন ও আহতদের প্রত্যেককে দশ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র দেওয়া হয়।

চলমান অবরোধ-হরতালে পেট্রোল বোমায় দগ্ধদের বার্ন ইউনিটে দেখতে গিয়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি ১৫৬টি গাড়ির ১৪৬ জন মালিককে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। সেদিন মোট চার কোটি ২০ লাখ টাকা সহায়তা হিসেবে দেন তিনি।

গত দুই মাসের বেশি সময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৪ কোটি ৬২ লাখ ৭৩ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট। অবরোধের মধ্যেই কর্মদিবসগুলোতে থাকছে তাদের হরতাল।

অবরোধে প্রায় প্রতিদিনই যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় এ পর্যন্ত  ১১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকের বেশি দগ্ধ হয়ে মারা গেছেন।

অবরোধে ১৮০০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে বলে ওই অনুষ্ঠানে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।