২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাতুড়ির আঘাতে যুবক খুন, বাবা-ছেলে পলাতক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক যুবক তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 12:53 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

কালীগঞ্জের বড়নগর এলাকায় ওই ঘটনার পর থেকে এক ইজিবাইক চালক ও তার ছেলেকে খুঁজছে পুলিশ।

কালীগঞ্জ থানার এসআই মো. তরিকুল ইসলাম জানান, হামলায় আহত আব্দুল হামিদ (৩৩) বুধবার রাত ৮টার দিকে ঢাকার ধানমণ্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে মারা যান।  

হামিদ বড়নগর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৮ মার্চ একই এলাকার ইজিবাইক চালক আঙ্গুর খানের ছেলে মাসুম তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি আহত হন।

তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় হামিদের স্ত্রী আউলিয়া বেগম বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে আঙ্গুর (৪৮) ও মাসুম (২৬) পলাতক বলে এসআই তরিকুল জানান।

আউলিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে কালীগঞ্জ-বড়নগর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তার স্বামী। এ সময় ‘সাইড দেওয়া’ নিয়ে ইজিবাইক চালক আঙ্গুরের সঙ্গে হামিদের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে সালিশও বসে।

সালিশ শেষে হামিদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আঙ্গুর বাড়ি চলে যান। পরে হামিদ কয়েকজন লোক নিয়ে আঙ্গুরের বাড়ি গেলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে আঙ্গুরের ছেলে মাসুম হাতুড়ি দিয়ে হামিদের মাথায় আঘাত করেন বলে আউলিয়া বেগম জানান।