২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় কনস্টেবল নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার পুলিশ সদস্য।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:56 AM

Updated : 25 Apr 2022, 01:07 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন জানান, উপজেলার নলকা এলাকায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, পুলিশের পিকআপের পিছনে থাকা মুরগীবাহী একটি পিকআপে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মুরগীর খাঁচা পুলিশ পিকআপের ওপর পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান (৩২) সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোদাগাড়ি এলাকায়। ২০০৫ সালে পুলিশে যোগ দেন তিনি।

আহতরা হলেন- বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এএসআই রাজু আহম্মেদ (৩৮), পুলিশ লাইনে কর্মরত তিন কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫), সোহেল রানা (২৪) ও রাজিবুল ইসলাম (৩০)।

এদের মধ্যে এএসআই রাজু ও কনস্টেবল রাজিবুলকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং শহিদুলকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ কর্মকর্তা মোকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মহাসড়কে একটি মুরগীবাহী পিকআপ বিকল হয়। এসময় টহল পুলিশ সদস্যরা তাদের ভাড়া করা পিকআপটির পিছনে ওই বিকল পিকআপটিকে রশি দিয়ে বেঁধে মহাসড়ক থেকে সরিয়ে নিচ্ছিলেন।

“এক পর্যায়ে ঢাকা থেকে বগুড়াগামী মালবাহী একটি ট্রাক পিছন থেকে মুরগীবাহী পিকআপে ধাক্কা দেয়। এতে মুরগীর পিকআপটি পুলিশের পিকআপের সঙ্গে ধাক্কা খায় এবং মুরগীর খাঁচা পুলিশ পিকআপের ওপর গিয়ে পড়ে।

“এ সময় আঘাতে ঘটনাস্থলেই কনস্টেবল মোস্তাফিজুর মারা যান।”

নিহত ওই পুলিশ সদস্যের স্ত্রী ও সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে।