বোমায় যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন: মামলা দায়ের
রংপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে যুবদল নেতার কব্জি বিচ্ছিন্নের ঘটনায় বিএনপি ও যুবদলের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার দুপুরে কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল কাদের জিলানী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় হাতবোমা বানাতে মদদ দেওয়া এবং তা নাশকতামূলক কাজে ব্যবহারে উৎসাহিত করার অভিযোগে রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামুকে আসামি করা হয়েছে।
এ মামলায় কব্জি হারানো মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবসহ বিএনপি ও যুবদলের মোট ৬৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এক বিএনপিকর্মীর বাড়িতে হাতবোমা বানানোর সময় তা বিস্ফোরিত হলে যুবদল নেতা ফিরোজ সরকার বিপ্লবের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ রংপুর বিপ্লবকে আটক করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
