২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএমএ নির্বাচন বর্জন বিএনপিপন্থী চিকিৎসকদের

ভুয়া ভোটার বানানোসহ নানা অভিযোগ তুলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসকদের জোট সম্মিলিত চিকিৎসক পরিষদ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সম্মিলিত চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব ডা. শওকাত আলী লস্কর।

তফশীল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএমএ খুলনার বাইলজ অনুযায়ী কাউকে কার্যকরী পরিষদের সদস্য হতে হলে ধারাবাহিকভাবে অন্তত এক বছর খুলনা বিএমএর সাধারণ সদস্য থাকতে হবে।

কিন্তু এ শর্ত পূরণ না করার পরও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি পদপ্রার্থী ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. মেহেদী নেওয়াজের প্যানেলের কার্যকরী সদস্য পদে ডা. বাপ্পা দত্ত রাজ, ডা. দেবনাথ তালুকদার ও ডা. মো. ফয়সাল হককে তাদের প্যানেলের প্রার্থী করেছেন।

এ বিষয়ে আপত্তি দেওয়া হলেও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।

নির্বাচনে স্বচ্ছতার জন্য ভোটার পরিচয়পত্র করার জন্য বারবার অনুরোধ করলে নির্বাচন কমিশন প্রথমে সম্মতি দেয়, কিন্তু পরে তা বাতিল করে।

এ ব্যাপারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী ও বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, পরাজয় নিশ্চিত জেনে তারা শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কোনো অবৈধ ভোটার তৈরি করা হয়নি।

নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসকরা ভুয়া ভোটারের অভিযোগ তুলে আদালতে গিয়েছিলেন। কিন্তু আদালত তাদের মামলা খারিজ করে দিয়েছে।