চট্টগ্রামে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন দণ্ড
চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম ওরফে রাকিব পাঁচলাইশ থানার ষোলশহর মেয়র গলির বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি জেসমিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন দণ্ডপ্রাপ্ত সাইফুল সাত বছরের এক শিশুকে ফুসলিয়ে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে ২৩ মার্চ সাইফুলকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ অভিযোগ পত্র জমা দেয় এবং ২০১১ সালের ১৩ মার্চ আদালত অভিযোগ গঠন করে।
আইনজীবি জেসমিন জানান, রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
অভিযুক্ত সাইফুল কারাগারে আটক আছে বলেও জানান তিনি।
