২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিকাশ কর্মকর্তা খুন, টাকা লুট

গত কয়েকমাসে খুন ও টাকা লুটের তিনটি ঘটনার সুরাহা হওয়ার আগেই গাজীপুর শহরে আবার এক বিকাশ পরিবেশকের কর্মীকে খুন করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 06:31 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় এ হামলায় নিহত মো. রবিন সরকার (২০) বিকাশের পরিবেশক ‘কানেক্ট ডিস্ট্রিবিউশন’র বিক্রয় কর্মকর্তা ছিলেন।  

তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মোডেরবাজারের রজব আলী খোকা সরকারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই দোকানি মনির হোসেন (২৩) ও ইমান আলীকে (২৪) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কানেক্ট ডিস্ট্রিবিউশনের মালিক মো. এরশাদ জাহান জানান, বোর্ডবাজার এলাকার বিভিন্ন এজেন্টের কাছ থেকে লোড দিয়ে বিকাশের টাকা সংগ্রহ করে তাদের গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী জোরপুকুরপাড় এলাকার অফিসে ফিরছিলেন রবিন।

দুপুর দেড়টার দিকে বোর্ডবাজার এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

ওই সময় কয়েকজন ছিনতাইকারী তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে ছিনতাইকারীরা রবিনকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

এরশাদ জাহান আরও জানান, পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে জয়দেবপুর পুলিশ ময়নাতদন্তের জন্য সেখান থেকে তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তবে লুট হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

এরশাদ অভিযোগ করেন, এ নিয়ে গত ছয় মাসে চারবার তাদের টাকা ছিনতাই ও চুরি হয়েছে।

তিনি জানান, গত অক্টোবরে জোরপুকুরপারের অফিসের গ্রিল কেটে ও ভল্টের তালা ভেঙ্গে ৮০ লাখ টাকা চুরি হয়, এ বছরের জানুয়ারিতে কোনাবাড়ি এলাকায় ছিনতাইকারীরা তাদের এক সেলস অফিসারকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।

এরপর ফেব্রুয়ারিতে গাজীপুর সিটির চান্দনা-চৌরাস্তা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাদের অপর সেলস অফিসারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার সাথে থাকা সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে খুন করে কালিয়াকৈরের পাশের নন্দন পার্কের পেছনে তার লাশ ফেলে রেখে গেছে।

এ সব ঘটনায় মামলা হলেও কোনো অগ্রগতি নেই, কেউ আটক বা গ্রেপ্তার নেই বলে জানান তিনি।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান, নিহতের বাম পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।