রাজধানীতে তরুণীর পাঁচ টুকরা লাশ
রাজধানীতে এক তরুণীকে হত্যার পর তার লাশ খণ্ড খণ্ড করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ফকিরাপুলের কালভার্ট রোড এলাকায় তার পাঁচ খণ্ড লাশ পেয়েছে পুলিশ। নিহত এই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত তরুণীর পরিচয় এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি, দ্রুতই সব জানা যাবে।”
স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার বিকালে কালভার্ট রোডের পাশ থেকে ওই পাঁচ খণ্ড লাশ উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
কালভার্ট রোডের ওই এলাকা অর্থাৎ গরম পানির গলিতে কয়েকটি টিনশেড বাড়িতে ওয়াসার কর্মচারীরা থাকেন। সেখানেই লাশের খণ্ডগুলো পাওয়া যায়।
মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, একটি টিনশেড বাড়ির চালায় তরুণীর দেহ পাওয়া গেছে।
তার পাশে একটি ফাঁকা প্লট থেকে একটি হাত এবং প্রায় তার কাছাকাছি দূরত্বে আর একটি হাত ও একটি পা পাওয়া যায়। মাথা উদ্ধার করা হয় পাশের বাড়ি ১৯৩/১ রোকেয়া মঞ্জিলের চতুর্থ তলা থেকে।
যে বাসায় মাথা পাওয়া গেছে, তাতে মন্টি নামে একজন থাকেন এবং তিনি মাদকসেবী বলে পুলিশ জানতে পেরেছে। মন্টি পলাতক বলে মতিঝিল থানার ওসি ডি এম ফরমান আলী জানিয়েছেন।
“মূলত মাদক সেবনের পর অজ্ঞাত এই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে,” বলেন আনোয়ার হোসেন।
এ বিষয়ে কোনো মামলা সন্ধ্যা পর্যন্ত হয়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
