২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল চলবে সব জেলায়

দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার জাতীয় সংসদে সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলায় রেলপথ সুবিধার মধ্যে রয়েছে। দেশের সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে শিগগিরই বাগেরহাট, কক্সবাজার, সাতক্ষীরা, মেহেরপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও নড়াইল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসছে বলে জানান।

বাকী জেলাগুলোও পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে বলেও জানান তিনি।

এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়েতে ৪৬টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদিত, ৩৮টি উন্নয়ন প্রকল্প সংশোধিত এবং ২৪টি উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়েছে। বর্তমান অর্থবছরে রেলওয়েতে ৪১টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, চলতি বছরে বিএনপি-জামায়াত জোট আহুত হরতাল ও নাশকতামূলক কর্মকাণ্ডে এখন পর্যন্ত রেলওয়ের প্রায় এক কোটি ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এক বছরে মহাসড়কে ২০২৭ টি দূর্ঘটনা

গত এক বছরে মহাসড়কগুলোতে ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গত এক বছরে মহাসড়কগুলিতে পুলিশের এফআইআর অনুযায়ী ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩ হাজার ৬০২ জন আহত ও নিহত হয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা ২ হাজার ৬৭ জন এবং আহত হয়েছে ১ হাজার ৫৩৫ জন।”

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীনে দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআই) মাধ্যমে মহাসড়কে ২০৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে সওজ কর্মকর্তাগণ পরিদর্শন করে আরো ১৮টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করেন।

মোট ২২৭টির মধ্যে ২৭টি স্থানে রক্ষণাবেক্ষণ খাত হতে সওজের মাঠ পর্যায় থেকে ইতিমধ্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫৬টি স্থানের কাজ বিভিন্ন প্রকল্পের আওতায় করা হচ্ছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশের মহাসড়কগুলোতে চলমান সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে সত্তর কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বেসরকারি পরিবহণের ৩২৫টি যানবাহনে আগুন ও ৫০০টি যানবাহনে ভাংচুর চালিয়েছে। এছাড়াও সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ক্ষতির পরিমান ১৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা।