অ্যাডিলেইডের উল্লাস দেশজুড়ে
অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে রুবেল হোসেনের বল যখন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জে এম এন্ডারসনের উইকেট ভেঙে দিল; তখনই মাঠে বাংলাদেশিদের উল্লাস ছড়িয়ে পড়ল প্রশান্ত মহাসাগরের এপারে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।
গোটা দেশজুড়ে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানের মধ্যে গাম্ভীর্যের আবরণ ছেড়ে বেরিয়ে এলেন আইনসভার সদস্যরাও। ততক্ষণে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বেরিয়ে পড়েছে মিছিল।
বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ লড়াইয়ে সোমবার মাশরাফি বিন মুর্তজারা যখন মাঠে, তখন বিকালে শুরু হয় সংসদ অধিবেশন।
বিকাল পৌনে ৫টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২৫ মিনিট দেরিতে শুরু হওয়া বৈঠকে সংসদ কক্ষে উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে কম।
বার বার ঘণ্টা বাজিয়েও কোরাম মেলানো যাচ্ছিল না। কারণ সংসদ সদস্যদের অধিকাংশ তখন লবিতে বসে টেলিভিশনে বাংলাদেশের জয়ের প্রত্যাশায় বসেছিলেন।
অধিবেশন কক্ষেও যারা ছিলেন, তাদের বেশিরভাগকে দেখা গেছে মোবাইল ফোন হাতে, যাতে এফএম রেডিওতে শুনছিলেন খেলার ধারা বর্ণনা।
অধিবেশন শুরুর খানিক বাদে স্পিকারের চেয়ারে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া একবার সংসদ সদস্যদের আচরণ বিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন। তবে তা খুব একটা কাজে এসেছে বলে দেখে মনে হয়নি।
৪৭তম ওভারে স্টুয়ার্ট ব্রড যখন ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডকে বাংলাদেশের রানের কিছুটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, তখন সংসদ; কক্ষে নেমে আসে স্তব্ধতা।
৪৯তম ওভারের রুবেল যখন ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে দেন, তখন উল্লাসে মেতে ওঠে সংসদ অধিবেশন।
এই উল্লাস মাঠে ক্রিকেটারদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস
ফজলে রাব্বী মিয়া নিজেই বলে ওঠেন, “এই মাত্র বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে। আনুষ্ঠানিকভাবে সংবাদ এলে আমি জানাব।”
রাষ্ট্রপতির ভাষণের ওপর তখন বক্তব্য রাখছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে বলেন।
ভূমিমন্ত্রী শরীফ তখন বলেন, “টাইগাররা জয়ী হয়েছে। তাদের আমি অভিনন্দন জানাই।”
কিছুক্ষণ পর ডেপুটি স্পিকার বলেন, “ক্রিকেট দলের জয়ের জন্য জাতীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।”
সংসদ সদস্যরা তখন টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
তিনি বলেন, “এ জয় দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছে। পরবর্তী খেলায় নিউজিল্যান্ডের সঙ্গেও জয় পাবে আশা করি। আগামীতে যাতে চ্যাম্পিয়ন হতে পারে সে প্রার্থনা করছি আমরা।”
সংসদের মধ্যে যখন এই অবস্থা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে একের পর এক মিছিল আসতে থাকে টিএসসির দিকে, সব মিছিলে একই স্লোগান- ‘বাংলাদেশ-বাংলাদেশ’।
ঢোল নিয়ে, বাদ্য বাজিয়ে শিক্ষার্থীদের সেই বিজয়োল্লাসে শামিল হয়ে যান কাজ শেষে ঘরমুখো অনেক মানুষও।
তাদের আশা, ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও টাইগাররা গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিক নিউ জিল্যান্ডকেও হারাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয়দেব বলেন, “রুবেল, মাশরাফিদের ধন্যবাদ। তারা দলকে জেতালে, আমি জিতি, বাংলাদেশের ১৬ কোটি মানুষ জেতে। এগিয়ে যাও, টাইগার।”
শামছুন্নাহার হলের মাসুমা আক্তার বলেন, “রুবেলের বোলিংয়ে আমরা মুগ্ধ। নিউ জিল্যান্ডের সাথেও এমন বিজয়ই টাইগারদের কাছে আমরা আশা করি।”
আরেক ছাত্র সজীবের আশা অনেক বড়- “টাইগাররা আজকে ফেবারিটের মতোই খেলল। এই ধারা অব্যাহত রাখলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটাও অস্বাভাবিক কিছু না।”
