যুবকল্যাণ তহবিল আইনের খসড়া অনুমোদন
স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়ার বিধান রেখে পূর্ণাঙ্গ আইন করার প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যুবকল্যাণ তহবিল আইন, ২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সামরিক শাসনামলে জারি করা ‘দি ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড অর্ডিনেন্স ১৯৮৫’ দিয়ে এতোদিন যুবকল্যাণ তহবিল পরিচালিত হয়ে এসেছে। মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলায় এই আইন করার প্রস্তাব উপস্থাপন করে।
“স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে এখন প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়। এজন্য অনুদান দিতে আলাদা তহবিল গঠন করা হয়েছিল। ১৯৮৫ সালে এ তহবিল যখন হয় তখন ১৫ কোটি টাকা সিড মানি দেয় সরকার। রাষ্ট্রয়াত্ত ব্যাংকে রেখে তার মুনাফা থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।”
১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার যুব সংগঠনকে প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান সচিব।
তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি ও কারিগরি খাতসহ কোন কোন ক্ষেত্রে এই তহবিল থেকে অনুদান দেওয়া যাবে তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। অন্য খাত থেকেও তহবিলে টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দুই স্তরের একটি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এই তহবিল পরিচালিত হবে।
“সিলেকশন কমিটির প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। অনুদানের প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে এ কমিটি সুপারিশ করবে। আর অনুদান অনুমোদন করবে পরিচালনা বোর্ড, যার প্রধান হবেন মন্ত্রণালয়ের মন্ত্রী।”
বোর্ড চাইলে তহবিল পরিচালনার জন্য নীতিমালা করতে পারবে। সরকারও ইচ্ছা করলে বিধিমালা করতে পারবে।
এছাড়া এ বোর্ডের জন্য আইন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া যাবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
