ওপরে জাটকা, ভেতরে হরিণের মাংস, অতিথি পাখি
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি লঞ্চে তল্লাশী চালিয়ে ৫ মণ হরিণের মাংস ও জবাই করা ৭৭টি অতিথি পাখি জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার ভোরে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের হিজলা থেকে ঢাকামুখী ‘রাজহংস-৮’ নামের ওই লঞ্চে অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার হাসানুর রহমান জানান, লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মণ হরিণের মাংস এবং বিভিন্ন প্রজাতির ৭৭টি জবাই করা অতিথি পাখি পাওয়া যায়।
“হরিণের মাংসের খণ্ড পলিথিন দিয়ে মোড়ানো ছিল। আর পাখিগুলো জবাই করা পলিথিনে জড়িয়ে সব রাখা ছিল ঝুড়িতে। তার ওপরে জাটকা রেখে পাচার করা হচ্ছিল।”
জব্দ করা মাংস ও পাখিগুলো বণ্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
