২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের স্বীকৃতি পেল অর্ধশত নারী

কর্মজীবনে অনুকরণীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘অনুপ্রেরণাদায়ক পদক’ পেলেন একঝাঁক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 01:10 AM

Updated : 12 Oct 2022, 03:24 PM

রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ১৫টি বিশেষ শাখায় এই পদক দেওয়া হয়।

পদকের শিরোনাম ছিল ‘আরএফএল ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড’।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা নাজিয়া আন্দালিব প্রিমা, প্রাণ-আরএফএল এর ফিন্যান্স বিভাগের পরিচালক উজমা চৌধুরী, বিভিন্ন দূতাবাসের নারী কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনে অভাবনীয় সাফল্যের জন্য প্রযুক্তি বিভাগে পুরস্কৃত হয়েছেন তানজীনা আক্তার।

নিজ উদ্যোগে সৃষ্টি করা কর্মক্ষেত্রে সাড়ে ছয়শ’র মতো নারীর কর্মসংস্থান সৃষ্টিকারী মোসাম্মাৎ রেবেকা খাতুন তৃণমূলের উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হন।

আঞ্চলিক পর্যায়ে সাফল্য ও অগ্রগতির জন্য ঢাকায় শাহনেওয়াজ দিলরুবা খান, চট্টগ্রামে মিস রোজি আক্তার, রাজশাহীতে রহিমা বেগম, খুলনায় অর্চনা বিশ্বাস, বরিশালের ফাতেমা খানম, রংপুরের সেলিনা জাহান লিতা এবং সিলেটের দেলওয়ারা খাতুন পুরস্কার পান।

নারী উদ্যোক্তা বিভাগে পুরস্কার পেয়েছেন রূপচর্চা প্রতিষ্ঠান পারসোনার প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান।

এছাড়া আগামী দিনের নেত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইহা নাওয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সঙ্গীত বিভাগে চিরকুট শিল্পী শারমিন সুলতানা সুমী, সাংস্কৃতি বিভাগে বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লাভা নাহিদ চৌধুরী, নৃত্যে লুভনা মারিয়ম, স্টার্টআপ বিভাগে মায়া ডটকম ডটবিডির আইভি হক রাসেল ও জেরেভিবিডি ডটকমের ফারজানা নাজনীনকে পুরস্কৃত করা হয়।

এর বাইরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরে শীর্ষপদে কর্মরত নারীদেরও এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়।