২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে লাগেজ ৩০ কেজি সীসা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৩০ কেজি সীসা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 10:32 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার বিকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটের লাগেজ তল্লাশি করে এসব সীসা উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ মার্চ দুবাই থেকে কার্গো পণ্য নিয়ে এমিরেটসের ফ্লাইটটি চট্টগ্রামে আসে। ওই বিমানে করে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সীসা পাওয়া যায়।

তবে কার লাগেজে করে এসব সীসা এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সীসা একপ্রকার মাদক যা ঢাকা ও চট্টগ্রামের বড় বড় রেস্তোরাঁয় হুক্কাতে ব্যবহৃত হয়। এসব সীসা গ্রহণকারীদের অধিকাংশই তরুণ।

গত ৩ মার্চ চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো থেকে ৮৭ কেজি সীসা উদ্ধার করা হয়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে ২ মার্চ রাতে আনা হয়েছিল।