সেই ‘ব্লাড টেলিগ্রাম’ মুক্তিযুদ্ধ জাদুঘরে
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান থাকলেও তখন ঢাকায় দেশটির কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাডের এক ধরনের বিদ্রোহী ভূমিকাতেই নেমেছিলেন।
যুদ্ধ শুরুর পর পাকিস্তানের পক্ষে ওয়াশিংটনও যখন নেমে পড়েছিল, সেই সময়ে ঢাকা থেকে এক তারবার্তায় বাঙালি হত্যার বিবরণ এবং পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা তিনি দিয়েছিলেন ওয়াশিংটনকে।
একাত্তরের এপ্রিলে ব্লাডের পাঠানো ওই তারবার্তা ‘ব্লাড টেলিগ্রাম’ হিসেবেই পরিচিত। এই ‘ব্লাড টেলিগ্রাম’কে রাষ্ট্রের অবস্থানের বিপক্ষে গিয়ে যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের মধ্যে ভিন্নমতের সবচেয়ে শক্তিশালী প্রকাশ বলে বিবেচনা করা হয়।
সেই ব্লাড টেলিগ্রামের একটি অনুলিপি উপহার হিসেবে পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট রোববার আনুষ্ঠানিকভাবে তা জাদুঘর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।
বার্নিকাট বলেন, “এটা মুক্তিযুদ্ধ জাদুঘরকে বিশেষ একটি উপহার।”
মোট ২৫ জনের স্বাক্ষর সম্বলিত এই ‘ব্লাড টেলিগ্রাম’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সব কর্মকর্তার কাছে উত্তরাধিকার (লিগ্যাসি) হিসেবে পরিগণিত বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় ভিন্নমতকে ধারণ করার যে গুরুত্ব, তার একটি নজির হিসেবে ‘ব্লাড টেলিগ্রাম’কে তুলে ধরেন বার্নিকাট।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ব্লাডের কঠোর ওই তারবার্তার পর তাকে ঢাকা থেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন নিক্সন সরকার।
পেশাদার কূটনীতিক আর্চার ব্লাড ২০০৪ সালে মারা যান। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গ্রন্থাগারটি তার নামেই করা।
বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখার জন্য যে বিদেশি বন্ধুদের সম্মাননা জানিয়েছে শেখ হাসিনার সরকার, তার মধ্যে আর্চার ব্লাডও রয়েছেন।
টেলিগ্রামে ব্যক্তিগত একটি নোটে ব্লাড লিখেছিলেন, “আমি বিশ্বাস করি, পূর্ব পাকিস্তানে এখন যে সংগ্রাম চলছে, তার সম্ভাব্য যৌক্তিক পরিণতি হল বাঙালিদের বিজয় এবং এর পরিণতিতে একটি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা।”
‘ব্লাড টেলিগ্রাম’ হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিককে স্মরণ করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের পরিচালক আক্কু চৌধুরী বলেন, আর্চার ব্লাড একাত্তরে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার সঠিক চিত্র তুলে ধরলেও ওয়াশিংটনের তৎকালীন কর্মকর্তারা তা বুঝতে চায়নি।
