২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় সাংবাদিক, প্রত্যাহারের দাবি

রাজশাহীতে যুগান্তরের ব্যুরো প্রধান আনু মোস্তফার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহরের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

এ দাবিতে রোববার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে তারা মানববন্ধন করেছেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী গিয়াস, জাবীদ অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু প্রমুখ।

মানববন্ধনে আরইউজে সভাপতি হাসান মিল্লাত বলেন, আনু মোস্তফা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল। তিনি একজন প্রগতিশীল ব্যক্তি।

সম্প্রতি তিনি রাজশাহী অঞ্চলে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের নাশকতা এবং তাদের পরিকল্পনা সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।

পাশাপাশি এ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর আটক বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের ধরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং সাধারণ মানুষকে হয়রানির যে চিত্র, সেটিও প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে।

এ কারণে পুলিশের একটি অংশ তার প্রতি নাখোশ। 

তিনি আরও বলেন, পুলিশ সম্পর্কে এ ধরনের প্রতিবেদন প্রকাশ হওয়ায় নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার দুইটি মামলায় তাকে আসামি করা হয়। এসব মামলার আসামি জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

নাশকতাকারীদের সঙ্গে একজন প্রগতিশীল জ্যেষ্ঠ সাংবাদিককে আসামি করা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

গত ১ মার্চ সকালে রাজশাহীতে কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয় দুর্র্বত্তরা।

বোমা মেরে পালাতে দিয়ে রিংকু নামের এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন এবং তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ ও বাস শ্রমিকরা।

তাদের কাছ থেকে আরো দুইটি পেট্রোল বোমা, ৫টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গুলিবিদ্ধ রিংকুর চাচা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় দুটি মামলা করে পুলিশ।

ওই দিন দুপুরের বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।

মামলায় কাউন্সিলর পল্টুসহ ৮ জনের নাম উল্লেখ করে ১৮ জনকে আসামি করা হয়। এজাহারভূক্ত আসামিদের মধ্যে ৮ নম্বরে রয়েছে সাংবাদিক আনু মোস্তফার নাম।