সরকারকে কঠোর হওয়ার তাগিদ মানবাধিকার কমিশনের
মানবাধিকার রক্ষায় সন্ত্রাসবাদের বিপক্ষে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে পেট্রোল বোমা, গাড়িতে অগ্নিসংযোগ ও সাধারণ নাগরিকদের পুড়িয়ে মারাকে মানবাধিকারের চূড়ান্ত লংঘন বলে মন্তব্য করেন তিনি।
রোববার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে মানবাধিকার কমিশন আয়োজিত ‘হুমকির মুখে মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন মিজানুর।
তিনি বলেন, “মানবাধিকার লংঘনের বিষয় সামনে এলেই আমরা সব সময় রাষ্ট্রের দিকেই আঙুল তুলি। এর কারণ, আমরা জানি রাষ্ট্র সব সময় একক ক্ষমতা ভোগ করে থাকে।”
“সাম্প্রতিক সময়ে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, এতে যে মানবাধিকার লংঘিত হচ্ছে এর জন্য কিন্তু রাষ্ট্র দায়ী নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচির আড়ালে একটি স্বতন্ত্র মহল এগুলোর জন্য দায়ী। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, “এ ধরনের সহিংসতা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের ধারণার জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। রাষ্ট্রের প্রতি এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এটিকে প্রতিহত করার জন্য কঠোর অবস্থানে যাওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে এবং এর থেকে রাষ্ট্র পিছপা হতে পারে না।”
“আমরা বিশ্বাস করি, সন্ত্রাসবাদের কোন দেশ নেই। এখন একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়, আমরা কি সন্ত্রাসবাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে।”
সন্ত্রাসবাদ ও মানবাধিকার রক্ষায় সরকারকে কঠোর হতে বললেও মানবাধিকারের মানদণ্ড মেনে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশিনার।
তিনি বলেন, “মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্র ও আইনশৃংখলা বাহিনীর কাছে এই দাবি জানাচ্ছি যে, সন্ত্রাসবাদ প্রতিহত করার ক্ষেত্রে যেন দেশের অভ্যন্তরের মানবাধিকারের মানদণ্ড যেন মাথায় রাখা হয়। আইনশৃংখলা বাহিনী অবশ্যই এ বিষয়ে ব্যাবস্থা নেবে, তবে সতর্ক থাকতে হবে এটি যেন হয় নিরাপত্তা বিধানের জন্যই; এটি নিয়ে যেন কোন প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি না হয়।”
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, “বিরোধী জোটের কর্মসূচির মধ্যে ইতিমধ্যে প্রায় ১৫শ আক্রমণ হয়েছে পেট্রোল বোমা দিয়ে, যার সবগুলোর লক্ষ্যবস্তু ছিলো সাধারণ জনগণ। আর আমরা এসব অপরাধীর মানবাধিকারের কথা বলছি।”
“পশ্চিমা অনেক মানবাধিকার সংগঠন বলছে, তাদেরকেও মানবাধিকার দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আইএস বা আল কায়েদার প্রতিও কি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তাকাতে হবে কিনা?”
তিনি বলেন, “মানবাধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ ও নিরপরাধ মানুষের জীবন। এ কারণে একজন অপরাধী ও একজন নিরপরাধীকে একই অধিকার দেওয়া কোন ভাবেই যুক্তিযুক্ত নয়।”
গোল টেবিল আলোচনায় অন্যন্যের মধ্যে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবাহ কামাল, আমেনা মহসিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমান্ট রোজারিও, মহিলা পরষদের সহসভাপতি অধ্যাপক ফাওজিয়া মুসলিম, সেন্ট যোসেফ স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রাদার ভিক্টর রোজারিও, মানবাধিকার কমিশনের সচিব এম এ সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল মোমেনিন প্রমুখ।
