২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সফরে স্পিকার

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নারী দিবস ও কমনওয়েলথ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ১৫ দিনের সফরে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 11:48 AM

Updated : 22 Aug 2022, 11:52 AM

শনিবার রাতে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরীন শারমিন যুক্তরাজ্যে ‘কমনওয়েলথ দিবস’ ও ‘আন্তর্জাতিক নারী দিবস’র নানা অনুষ্ঠানে যোগ দেবেন। ‘কমনওয়েলথ দিবস’ উপলক্ষে মার্লবরো হাউজ ও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথও উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্র সফরের সময় স্পিকার ১৩ মার্চ নিউ ইয়র্কে কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত নারীর রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক এক সংলাপে অংশ নেবেন। এছাড়া তিনি কমনওয়েলথ জেন্ডার প্লান অব অ্যাকশন মনিটরিং গ্রুপের বৈঠকে অংশ নেবেন।

সফর শেষে আগামী ২৩ মার্চ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান শিরীন শারমিনের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার চোখের চিকি‍ৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।