গানে গানে ইতিহাস দেখাল ‘জয় বাংলা’
ব্যান্ডদল ওয়ারফেইজ যখন তাদের চিরসবুজ গান ‘বসে আছি একা’ দিয়ে পরিবেশনার সমাপ্তি টানছিল, রাত পৌনে ১২টার দর্শকে থই থই আর্মি স্টেডিয়ামে তখন চলছে বাড়ি ফেরার প্রস্তুতি।
ওয়ারফেইজের লিড গিটারিস্ট কমল তখনই আগের ব্যান্ড দলগুলোসহ দর্শকদের আহ্বান জানালেন বাংলার মানুষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিদেশি ভাষার সেই উজ্জীবনী গান ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গাওয়ার জন্য।
বিটলসের জর্জ হ্যারিসনের সেই গানে কয়েক মুহূর্তে যেন হাজির হলো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। শ্রদ্ধা আর স্মৃতিচারণায় ৭ই মার্চের অনুরণনে দর্শক-শ্রোতা ছেড়ে গেলেন ঢাকার আর্মি স্টেডিয়াম।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ইয়াং বাংলার আয়োজনে শনিবার সন্ধ্যায় শুরু হয় ‘জয় বাংলা’ কনসার্ট।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশনের তত্ত্বাবধানে এই কনসার্টে উঠে আসে বাঙালির গৌরবের ইতিহাস আর নানা অধ্যায়।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ধারাবাহিকতায় ৬ নম্বরে মঞ্চে এসে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের ভোকাল অর্ণব শুরুতেই জানালেন- ‘জয় বাংলা’ বলতে তিনি কী বোঝেন।
তার সোজা সাপ্টা বয়ান, “আমার কাছে জয় বাংলা মানে স্বাধীনভাবে কথা বলা, ফ্রিডম অব স্পিচ। স্বাধীনভাবে গান করা।”
অর্ণব যখন নিজেকে ‘মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম’ হিসাবে তুলে ধরলেন, স্টেডিয়ামভরা দর্শকের অধিকাংশের কণ্ঠে তখন আওয়াজ উঠল- ‘মি টু’।
এরপর ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ গাইল ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’, ‘সে যে বসে আছে, একা একা’- সহ তাদের কয়েকটি জনপ্রিয় গান এবং সব শেষে ‘ধন ধান্য পুষ্পভরা’।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকেও দেখা গেছে কনসার্টে।
বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও ছিলেন উপস্থিত।
নেমেসিস ব্যান্ড শুরু করেছিল ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ দিয়ে। এরপর তারা শোনায় তাদের নিজেদের গান।
শিরোনামহীন ‘ও আমার দেশের মাটি/ তোমার পরে ঠেকাই মাথা’ দিয়ে শুরু করে এবং নিজেদের জনপ্রিয় গান ‘তুমি চেয়ে আছো তাই/ আমি পথে হেঁটে যাই’ দিয়ে শেষ করে।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্রিকেট নিয়ে নিজেদের ‘চলো বাংলাদেশ’ গানটিও তারা পরিবেশন করে।
পুরো অনুষ্ঠানে একেকটি ব্যান্ড দলের পরিবেশনার বিরতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের বিভিন্ন অংশের লেজার প্রদর্শনীও উজ্জীবিত করেছে আজকের তরুণদের। পুরো ভাষণটি প্রচার করা হয় ইংরেজি সাবটাইটেলসহ।
