‘জয় বাংলায়’ মাতলো তারুণ্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের দিনে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সুরের ঝংকারে মাতালো যুগের আট ব্যান্ড। আর তার সাক্ষী হয়ে রইলেন উপস্থিত হাজারো তরুণ-তরুণী।
শনিবার সন্ধ্যায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশনের তত্ত্বাবধানে ‘ইয়াং বাংলার’ আয়োজনে এই কনসার্টে গানে গানে উঠে এসেছিল বাঙালির গৌরবের ইতিহাস, আর নানা অধ্যায়।
সন্ধ্যা সাড়ে ৭টায় সংগীত পরিচালক ইমতিয়াজ আলম বুলবুল যখন মঞ্চে উঠে আসেন তখন স্টেডিয়ামজুড়ে হাজারো মানুষের ঢল; বাইরে অপেক্ষায় অসংখ্য সংগীতপ্রেমী।
শুরুতেই হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ওঠার সেই মধুরক্ষণ খুব সহসা মুছে ফেলা বোধকরি কঠিনই।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
একে একে নিজেদের গান পরিবেশনের পাশাপাশি ‘শূন্য’ শুনিয়েছে ইতিহাস।
‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের গান’ আর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’- ব্যান্ডদল নেমেসিসের এই পরিবেশনাদুটি ছিল ভিন্নমাত্রার।
‘শিরোনামহীন’ ব্যান্ডদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’, ক্রিপটিক ফেইটের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের ‘ধন ধান্য পুষ্পভরা’ পরিবেশনা নাড়া দিয়েছে তরুণ প্রাণে।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এছাড়া দুই প্রজন্মের দুই ব্যান্ডদল আর্বোভাইরাস ও ওয়ারফেইজের গান যেন ছিল প্রজন্মের কণ্ঠ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এই ‘জয় বাংলা কনসার্ট’ ছিল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত।
