২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে আগুন, হাতবোমা

বিএনপি জোটের অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনে আগুন দেওয়ার পর হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 09:44 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

শনিবার সন্ধ্যায় নগরীর ষোলশহর স্টেশনের এই ঘটনায় মো. সুমন (১৮)  নামে এক পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ষোলশহর রেলস্টেশন মাস্টার এ কে এম ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে যাওয়ার জন্য শাটল ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল।

“সাড়ে ৭টার দিকে কে বা কারা ট্রেনের একটি বগিতে আগুন দেয়। আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি।”

আগুনে ট্রেনের দুটি সিট ‍পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষতি হয়নি এবং সাড়ে ৯টার ওই ট্রেনটিতে তখন কোনো যাত্রীও ছিল না।

আগুন ‍দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা রেল স্টেশনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানায়।

তখন প্ল্যাটফর্মে থাকা সুমন আহত হন বলে ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্য আরব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমনের গলায় স্প্লিন্টারের জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।