কক্সবাজারে শিবির নেতা গ্রেপ্তার
বিএনপি জোটের ডাকা অবরোধের মধ্যে নাশকতার অভিযোগে কক্সবাজারে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আকতার হোসেন (২৭) শিবিরের শহর শাখার সভাপতি। তিনি টেকনাফ উপজেলার হ্নীলার মহেশখালীয়া পাড়ার সোনা আলীর ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের খুরুশকুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি কাজী মতিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকতারের নেতৃত্বে শিবিরকর্মীরা খুরুশকুল ব্রিজসংলগ্ন রাস্তায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানের সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আকতার গ্রেপ্তার হন।
আকতারের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
