রাবি শিক্ষক শফিউল হত্যা: গ্রেপ্তার নারী জেলহাজতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া নাসরিন আখতার রেশমাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি জাহিদুর রহমান জানান, শনিবার তাকে মহানগর মুখ্য হাকিম আদালতের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।
আদালত রিমান্ডের শুনানির দিন ঠিক না করে নাসরিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জাহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এদিকে শফিউল হত্যাকাণ্ডের পর কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী সেকশন অফিসারের দায়িত্বে থাকা নাসরিন আখতার রেশমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে নাসরিন আখতার কর্মস্থলে আসেননি। যোগদানের নোটিশ পাঠানোর পরও অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএএম শফিউল ইসলাম। এ ঘটনায় এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পান ওই থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন। কিন্তু তদন্তে অগ্রগতি না হওয়ায় পরে নগর গোয়েন্দা শাখাকে তদন্তভার হস্তান্তর করা হয়।
