খালেদাকে গ্রেপ্তার ‘আইন অনুযায়ী’: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়টি দৃশ্যত এড়িয়ে গিয়ে এক্ষেত্রে আইনের অজুহাত দেখালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা জারির দুই সপ্তাহ পর তা নিয়ে ধোঁয়াশার মধ্যে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইনের কথা বলেন।
জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। ওই পরোয়ানা পুলিশ না পাওয়ার মধ্যে শুনানির পরবর্তী দিন গত ৪ মার্চ আদালত তা বহাল রাখে।
আদালতের ওই আদেশ অনুযায়ী খালেদা গ্রেপ্তার হওয়ার কথা বলে শনিবারও মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, তবে এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
অন্যদিকে বিএনপির আইনজীবীদের মন্তব্য, ওই পরোয়ানা ‘অবৈধ’ বলে তা পুলিশের কাছে পৌঁছাচ্ছে না।
দলীয় কার্যালয়ে দুই মাস ধরে অবস্থানরত খালেদাকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিনে তুমুল আলোচনার মধ্যে রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসে এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন আসাদুজ্জামান।
উত্তরে তিনি বলেন, “যে মামলায় খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সে মামলায় জামিন চেয়ে তার আইনজীবীরা হাই কোর্টে আবেদন জানিয়েছে। আমরা কোনোভাবে আইনের বাইরে যাচ্ছি না। আইন অনুযায়ী যা করার কথা, তা ই আমরা করব।”
তবে ‘আইন অনুযায়ী’ বলতে কী বোঝাতে চাচ্ছেন, সেই ব্যাখ্যায় যাননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
গত ৪ মার্চ পরোয়ানা বহাল রাখার আদেশের পর দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ না করলে এখন যে কোনো সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা যেতে পারে।
খালেদা জিয়া (ফাইল ছবি)
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার না করার ক্ষেত্রে বিদেশিদের কোনো চাপ রয়েছে কি না- জানতে চাইলে ‘না’ সূচক উত্তর আসে প্রতিমন্ত্রীর কাছ থেকে।
“খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার বিষয়ে বিদেশি কোনো চাপ নেই। তাছাড়া আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী বাইরের কোনো চাপ কখনও বিশ্বাস করেন না, নতি স্বীকার করেন না।”
বিএনপি জোটের হরতাল-অবরোধে পেট্রোল বোমাহামলাসহ নাশকতার ঘটনা গত কয়েকদিনে বেড়ে গেলেও আসাদুজ্জামানের দাবি, সহিংসতা শিগগিরই বন্ধ হবে।
নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযানে নিরাপরাধ মানুষও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানানো হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেন।
তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে যে কাউকে আটকের পর জিজ্ঞাসাবাদে নিরাপরাধ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
“পুলিশ উৎকোচ নেয় না, আমি তা বলব না। তবে যারা নিচ্ছে,তার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী তাদের শাস্তিও হচ্ছে।”
রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার যে অভিযোগ আন্দোলনকারী বিএনপি জোট করে আসছে- তা নাকচ করেন আসাদুজ্জামান।
“কোনো রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে না। গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে পরিবারের ওপর নির্যাতন চালানো হয়েছে- এমন কোনো ঘটনা আমার জানা নেই। যেগুলো জানানো হয়, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।”
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন সংবাদকর্মীদের প্রতি সংযত আচরণ করেন, তা নিশ্চিতের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
“আপনারা সত্যের সন্ধানে ঘোরেন। আপনারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারেন, তার ব্যবস্থা রাখব।”
প্রতিমন্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
