২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দিনে-দুপুরে ছুরিকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনে-দুপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার দুপুরে শহরের কাজীপাড়া পিটিআই স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ছফির উদ্দিন ভূঁইয়া (২৮) প্রাণ-আরএফএল গ্রুপের মার্চেন্ডাইজার (প্রতিনিধি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদরে কর্মরত ছিলেন বলে এই কোম্পানির বিক্রয় প্রতিনিধি এখলাছুর রহমান জানিয়েছেন।

ছফির ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে  নিয়ে আসেন কাউতলী এলাকার কবির।

তিনি বলেন, “পিটিআই স্কুলের সামনে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখে একটি ইজিবাইকে তুলে তাকে হাসপাতালে নিয়ে আসি। ছিনতাইকারীরা তার কাছে থাকা একটি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য উপর্যুপরি ছুরিকাঘাত করে।”

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরাজুর রহমান জানান, বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছফিরের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত দেখতে পাই। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।