এফবিআই ‘স্বাধীনভাবে’ কাজ করুক, চান অভিজিতের বাবা
লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার জন্য আসা এফবিআই প্রতিনিধি দলকে ‘স্বাধীনভাবে’ কাজ করতে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন নিহতের বাবা অজয় রায়।
এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে শনিবার গিয়ে কর্মকর্তাদের এই অনুরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক।
গোয়েন্দা কার্যালয় থেকে বাসায় ফিরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি তাদের অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব যেন অপরাধীদের খুঁজে বের করা হয়।”
গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় ইউরোপীয় ও আফ্রিকানদের মতো দেখতে দুজন ব্যক্তি সেখানে ছিলেন জানিয়ে তিনি বলেন, তারা এফবিআই সদস্য কি না তা জানানো হয়নি তাকে।
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিতের হত্যাকাণ্ড তদন্তে এফবিআই সদস্যরা এসেছেন জানলেও তারা এখনও তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে জানান অজয় রায়।
ছেলের হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থাকে ‘স্বাধীনভাবে’ কাজ করার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
“আমি গোয়েন্দা পুলিশকে অনুরোধ করেছি, এফবিআই যাতে এই হত্যা রহস্য উদঘাটনে স্বাধীনভাবে কাজ করতে পারে।”
কয়েক দশক ধরে সাম্প্রদায়িকতার বিপক্ষে সোচ্চার অজয়ের ছেলে প্রকৌশলী অভিজিৎ ছিলেন ‘মুক্তমনা’ ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা। ব্লগের পাশাপাশি নিয়মিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লিখতেন তিনি।
সাম্প্রদায়িকতা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখির জন্য অভিজিৎকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
ছেলের কফিনের পাশে অজয় রায় (ফাইল ছবি)
তাকে হত্যার পিছনেও ধর্মীয় উগ্রপন্থীদের হাত রয়েছে বলে মনে করেন তার বাবা।
“জঙ্গি দুর্বৃত্ত ও মৌলবাদীরা অভিজিৎকে হত্যা করেছে বলে আমার ধারণা। তিন/চার বছর পর অভিজিৎ দেশে এসেছিল। কারও হুমকির কারণে সে ভীত বা আতঙ্কিত ছিল বলে আমার মনে হয়নি, বরং আমিই তাকে বলেছিলাম বইমেলায় বন্ধুদের সঙ্গে যেতে। বিকেলের আগে বাসায় ফিরে আসতে।”
লেখালেখির জন্য অভিজিৎকে বড়জোর হুমকি-ধমকি বা মারধরের শঙ্কা থাকলেও তাকে হত্যা করা হতে পারে বলে কখনও মনে হয়নি অজয় রায়ের।
“আমার ধারণা ছিল, কেউ তাকে মারধর বা ধমক দিতে পারে। কিন্তু একেবারে মেরে ফেলবে এটা ভাবিনি।”
গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় আহত বন্যাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। স্বামীর মতো ব্লগার বন্যাও যুক্তরাষ্ট্রের নাগরিক।
হত্যাকাণ্ডের চার দিন পর ঢাকার যাত্রাবাড়ী থেকে ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেটে ধর্মীয় উগ্রবাদের প্রচারক ফারাবী ফেইসবুকে অভিজিৎকে হত্যার হুমকি দিয়েছিলেন।
তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
এর মধ্যে হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার জন্য ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের চার সদস্য। বৃহস্পতিবার গোয়েন্দাদের সঙ্গে প্রথম সাক্ষাতে এ হত্যাকাণ্ড নিয়ে সংগৃহীত আলামত ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানেন তারা।
অভিজিৎ হত্যাকাণ্ডস্থলে এফবিআই কর্মকর্তারা (শুক্রবারের ছবি)
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে স্থানে অভিজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল,শুক্রবার সেই স্থান এবং বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এফবিআই সদস্যরা।
অজয় রায় জানান, হত্যাকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি তাদের কার্যালয়ে যান। তারা অভিজিতের বিষয়ে কিছু তথ্য মিলিয়ে নিয়েছে। যেমন পুরো নাম, কতদিন ধরে দেশের বাইরে আছেন ইত্যাদি।
যখন হামলা হয়েছিল, ঠিক তখন অভিজিতের স্ত্রী তার সঙ্গে ছিলেন কি না, তাও গোয়েন্দা কর্মকর্তারা জানতে চেয়েছে বলে অজয় রায় জানান।
ছেলের হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ না করলেও অসন্তোষ ঝরেছে নিহতের বাবার কণ্ঠে।
“আমি সন্তুষ্ট সেটা বলব না, অসন্তুষ্ট সেটাও বলব না। কারণ তাদের ওপর আমাদের নির্ভর করতে হয়।”
‘এফবিআই শুধু সহায়তা দেবে’
অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলেই তার হত্যাকাণ্ড তদন্তে এফবিআই কর্মকর্তারা ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এই হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দা পুলিশের সামর্থ্যের ওপরও নিজের আস্থার কথা জানিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্থানেই হামলা হয়েছিল অভিজিৎ রায়ের ওপর।
ডিএমপি কমিশনার শনিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “এই হত্যা মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশ করছে। ঘটনাটি তদন্ত করার সক্ষমতা তাদের আছে। এফবিআই কেবল তাদের কারিগরি সহায়তা প্রদান করবে।”
অভিজিৎ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত বিশেষ করে সোস্যাল মিডিয়ার যেসব তথ্য ও রেকর্ড আছে, তা বিশ্লেষণে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, “এক্ষেত্রে এফবিআই সহায়তা করছে।”
তদন্তের অগ্রগতির বিষয়ে জানলে চাইলে আছাদুজ্জামান বলেন, “অগ্রগতি হয়েছে।”
গ্রেপ্তার ফারাবী শফিউর রহমানের ‘ভালো’ তথ্যের উৎস হতে পারে বলে মনে করছেন তিনি।
“যারা সরেজমিনে বিষয়টি কার্যকর (খুনি) করেছে, তাদের সনাক্তে কাজ করব আমরা। তদন্ত জোরেশোরেই চলছে।”
