‘ইটিভির সম্প্রচারে বাধা কেন অবৈধ নয়’
কোনো নোটিশ ছাড়াই একুশে টিভির সম্প্রচারে বাধা সৃষ্টি কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি অনুষ্ঠান সম্প্রচারে প্রতিবন্ধকতা দূর করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত।
তথ্য সচিব, টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারসহ ১৭ জনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, ইটিভির নিজস্ব প্রতিবেদক ফারুক হোসেন ও ইটিভির দর্শক হিসেবে ঢাকার মিরপুরের বাসিন্দা শরিফুল ইসলাম পিয়ালের করা এক রিট আবেদনে এ আদেশ হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
রিটে বলা হয়, গত ৪ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের পর ইটিভির সম্প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
“কোনো নোটিশ ছাড়াই বিভিন্ন জায়গায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সংবিধান অনুযায়ী গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের বাধা দেওয়া আইন সম্মত নয়।”
