২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: নিহত সেনা কর্মকর্তাদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বুধবার সকাল ১১টায় বনানী সেনা কবরস্থানে গিয়ে ৫৭ জন সেনা কর্মকর্তার কবরে ফুল দেন।

প্রতিনিধি দলের ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনোরেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ, মো. কামারুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, ব্যারিস্টার সারোয়ার হোসেন, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, স্বেচ্ছাসেবক দলের বেলাল উদ্দিন ও সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ।

২০০৯ সালের ২৫ ফ্রেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরের বিডিআর বিদ্রোহ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।

ফুল দেওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার দলীয় দাবি আবারও জানান।

“এদিন আমাদের সেনাবাহিনীর চৌকস মেধাবী কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এটা বেদনার ও ক্ষোভের। বিডিআর বিদ্রোহ নিছক ডাল-ভাতের কর্মসূচির কারণে হয়নি। এর পেছনে আরও কারণ রয়েছে।”

বিদ্রোহের ঘটনায় হত্যামামলার বিচার হলেও বিস্ফোরক আইনের মামলাটির বিচার না হওয়ার কথা তুলে ধরে মাহবুবুর বলেন, “একটা বিচার হয়েছে, অনেকের সাজা হয়েছে। আবার ঘটনার নেপথ্যে অনেকে এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।”